জাতীয়

রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম

রোববার সকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী রোববার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।

অধিবেশনের বিধি অনুযায়ী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানানোর সময়ই বিরোধী দলীয় সদস্যরা প্রতিবাদ শুরু করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো’—এমন স্লোগান লেখা ছিল। স্পিকার বারবার শান্ত থাকার অনুরোধ জানালেও তারা প্রতিবাদ অব্যাহত রাখেন।

একপর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতি ও ভাষণের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। এরপর তাদের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার লিখিত ভাষণ পাঠ করেন।

ভাষণে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্রদের অভিনন্দন জানান। একই সঙ্গে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সরকারি বেঞ্চের সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়।

পরে সংসদ কক্ষের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি কার্যকর কোনো ভূমিকা নেননি এবং তার সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার নেই।

রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার অধিবেশন আগামী রোববার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।