জাতীয়
রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে দেওয়া তার ভাষণে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
রাষ্ট্রপতি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সংসদ কক্ষে সরকারদলীয় সদস্যদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা হাসিমুখে টেবিল চাপড়ে রাষ্ট্রপতির বক্তব্যকে অভিনন্দন জানান।
ভাষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র অবদানও স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রাষ্ট্রপতি। তিনি জানান, ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে তা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।