জাতীয়

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদবির: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদবির: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সরকারি কাজে অতিরিক্ত তদবিরের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের তদবিরের চাপ সামলাতে হয়, যা প্রশাসনিক কার্যক্রমে সমস্যা তৈরি করে।

শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। বেশিরভাগই পোস্টিং-টোস্টিং নিয়ে। যেসব বিষয় সত্যিই প্রয়োজন, সেগুলো অবশ্যই করতে হবে। কিন্তু তদবিরকেই যদি প্রধান গুরুত্ব দেওয়া হয়, তাহলে তো সমস্যা হবে।”

মির্জা ফখরুল বলেন, দেশের তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, “আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে চাকরি খুঁজছে। এভাবে চাকরি পাওয়া কঠিন। তাই বিনিয়োগ বাড়াতে হবে, ছোট ছোট উদ্যোগ নিতে হবে এবং মেধাকে গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।