জাতীয়
‘নাম আব্দুর রহিম, বিকাশ নম্বর মেম্বার-চেয়ারম্যানের’- সংসদে এমপির অভিযোগ
সামাজিক নিরাপত্তা ভাতার অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিষয়টি সরকারের নজরে আনার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাতাভোগীর নামে ভাতা বরাদ্দ থাকলেও বিকাশ বা নগদ নম্বর হিসেবে অন্য কারও মোবাইল নম্বর ব্যবহার করা হয়। বিশেষ করে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যানের নম্বর ব্যবহার করার ঘটনাও দেখা যায়। অর্থাৎ, নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ নম্বর থাকে মেম্বার-চেয়ারম্যানের।
তিনি আরও অভিযোগ করেন, কোনো এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি যদি সরকারদলীয় না হন, তাহলে স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীরা ভাতা বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। এতে নির্বাচিত জনপ্রতিনিধি অনেক সময় শুধু প্রতীকী অবস্থানে থেকে যান। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অনিয়ম দূর করতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি জানতে চান।
জবাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন বলেন, বিষয়টি সংসদের কার্যতালিকায় না থাকায় ভবিষ্যতে লিখিত নোটিশ আকারে প্রশ্ন উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অনুরোধ করা হয়েছে। তবে সরকার সব ধরনের স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করে সেবা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, অতীতে ভাতা বিতরণে নানা ধরনের অনিয়ম ও সমস্যার অভিজ্ঞতা রয়েছে। এসব থেকে শিক্ষা নিয়ে সরকার সমতাভিত্তিক সেবা নিশ্চিত করার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তিনি ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থার কথাও উল্লেখ করেন।
মোবাইল ওয়ালেটের মাধ্যমে ভাতা বিতরণের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় প্রান্তিক পর্যায়ের বয়স্ক বা অসহায় মানুষ নিজেরা মোবাইল ব্যবহার করতে পারেন না। তখন তারা ছেলে, নাতি বা অন্য কোনো আত্মীয়ের মোবাইল নম্বর ব্যবহার করেন, যার ফলে কিছু ক্ষেত্রে অসংগতি দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, ভাতার অর্থ যেন প্রকৃত উপকারভোগীর কাছেই পৌঁছায় তা নিশ্চিত করতে সরকার আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। “এই ভাতা ৫০০ বা ৭০০ টাকা হলেও অনেক মানুষের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যার টাকা, তা যেন তার কাছেই পৌঁছায়-সেদিকে আমাদের নজর থাকবে,” বলেন প্রতিমন্ত্রী।