জাতীয়

কাল থেকে শুরু টানা সাত দিনের ঈদের ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ পিএম

কাল থেকে শুরু টানা সাত দিনের ঈদের ছুটি
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চও ছুটি ঘোষণা করায় এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ইতোমধ্যে অনেকেই পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আবার অনেকেই আজ অফিস শেষে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটির সূচি নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী রমজান পূর্ণ হলে ঈদ হতে পারে ২১ মার্চ।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এর আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ১৭ মার্চ শবেকদরের ছুটি এবং মাঝের ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যোগ হওয়ায় এবার টানা সাত দিনের ছুটি তৈরি হয়েছে।

সরকার আশা করছে, দীর্ঘ ছুটির কারণে এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে এবং একদিনে অতিরিক্ত চাপ কমবে পরিবহন ব্যবস্থায়।