জাতীয়
জনগণের বাইরে চিন্তা করলে পতিত সরকারের মতো পরিণতি হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্যে সতর্ক করে বলেছেন, যারা রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বে থাকেন, যদি জনগণের মনোভাব ও প্রত্যাশার বাইরে চিন্তা করেন, তাদের পরিণতি বিগত পতিত স্বৈরাচারী সরকারের মতো বিপর্যয়জনক হতে পারে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বক্তৃতা শুরু করেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন বিশেষ করে ৫ আগস্টের স্বৈরাচার পতনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নেতৃত্ব গ্রহণ করেছেন, তাদের ইতিহাসের শিক্ষাগুলোকে পাথেয় করে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করতে হবে।”
মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হওয়া উচিত জনগণের চেতনা ও আকাঙ্ক্ষা। জনগণের বাইরে চিন্তা করলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা থাকে।
উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার দুপুরে তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশগ্রহণের জন্য ইস্তাম্বুল পৌঁছান। রাষ্ট্রীয় সফর ও সম্মেলন শেষে তিনি আগামী ৩০ মার্চ দেশে ফেরার পরিকল্পনা করেছেন।