জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
ছবি: সংগৃহীত

দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় জি টু জি-০৩ চুক্তির অধীনে ‘এমভি উবন নারী’ (MV. UBON NAREE) নামের জাহাজটি গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছে। বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম চলমান রয়েছে। জি টু জি-১ ও জি টু জি-২ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে—এর মধ্যে জি টু জি-১ এর অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-২ এর অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন।

দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে স্থানীয় উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা পূরণে বাকি গম সরকার ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে আমদানি করতে হয়।