জাতীয়

সপ্তাহখানেকের মধ্যে চালু হবে ফুয়েল কার্ড অ্যাপ: জ্বালানি বিভাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

সপ্তাহখানেকের মধ্যে চালু হবে ফুয়েল কার্ড অ্যাপ: জ্বালানি বিভাগ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

সপ্তাহখানেকের মধ্যে দেশের জ্বালানি তেল ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে একটি ফুয়েল কার্ড অ্যাপ চালু করা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণ মজুতের প্রবণতা এড়িয়ে চললে দেশে জ্বালানির কোনো সংকট হবে না। তিনি আরও বলেন, এই সময়ে নাগরিকদের সচেতনভাবে জ্বালানি সাশ্রয় করতে হবে, কারণ সরকার জনগণের কথা চিন্তা করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব নিশ্চিত করেছেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকটের মুখে পড়বে না। একই সঙ্গে তিনি জানান, ফুয়েল কার্ড অ্যাপের মাধ্যমে তেলের বিক্রি আরও নিয়ন্ত্রিত ও সহজ হবে।

মনির হোসেন চৌধুরী বলেন, ইরান থেকে ছয়টি জাহাজ হরমুজ প্রণালির মাধ্যমে ছেড়ে আসছে, যার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে তেলের কোনো ঘাটতি হবে না। এছাড়া বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংগ্রহে বিকল্প উৎসেও নজর দেওয়া হয়েছে। সিঙ্গাপুর, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলো থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে তেল আমদানি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।