জাতীয়

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৮/এ রোডের তার বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিভিন্ন সূত্রের খবর, ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়া ড. শিরীন শারমিন চৌধুরী দশ বছরের বেশি সময় এই পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট গণ-আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পর ড. শিরীন শারমিন চৌধুরীও স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তার সান্নিধ্য প্রকাশ্যে কম দেখা গিয়েছে।