জাতীয়

পরিবহন ভাড়া যৌক্তিক হারে না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম

পরিবহন ভাড়া যৌক্তিক হারে না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি। যা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে। 

আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
 
মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। সব স্টেক হোল্ডারের সম্মতিতে যৌক্তিক হারে বাস ভাড়া নির্ধারণ করতে গণশুনানির প্রস্তাব করেন তিনি। এ সময় একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।
 
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।  
 
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা।

এদিকে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই পরিবহনের ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়ে যায়। ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, যা এখনও চূড়ান্ত হয়নি।