জাতীয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:২৬ এএম

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবিঃ সংগৃহিত

এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার (০২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে, বাসিয়া খাল খনন কর্মসূচি ও বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।