জাতীয়

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছি, ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:০৩ পিএম

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছি, ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে, যাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।

শনিবার (২ মে) সিলেট নগরের সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবা কিছুটা উন্নত হলেও গ্রামাঞ্চলে তা এখনও পর্যাপ্তভাবে পৌঁছায়নি। এ অবস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে ঘরে ঘরে সচেতনতা বাড়ানো হবে। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রাম ও শহরে গিয়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেবেন, বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা বাড়াবেন।

তিনি উল্লেখ করেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করলে হৃদরোগ বা কিডনি রোগের মতো জটিল অসুস্থতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এতে রোগীর সংখ্যা কমবে এবং চিকিৎসাসেবাও আরও কার্যকরভাবে দেওয়া যাবে।

বক্তব্যে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে সেগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।

এ ছাড়া ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে দক্ষ জনশক্তি তৈরি করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়।

এর আগে সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন এবং সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।