জাতীয়

ভয়াবহ রূপ নিতে পারে এবারের ডেঙ্গু, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

ভয়াবহ রূপ নিতে পারে এবারের ডেঙ্গু, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

এবারের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকিও থাকতে পারে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের মতে এবারের ডেঙ্গুর ধরন হতে পারে ‘হেমোরেজিক’, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হতে পারে। সম্ভাব্য এই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হবে। পরিদর্শনের সময় কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণ ও সিটি করপোরেশন উভয় পক্ষের সমান দায়িত্ব রয়েছে। সবাই সম্মিলিতভাবে কাজ করলেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।