জাতীয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক, হেলপার, সুপারভাইজার ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন।

মামলার আসামি হিসেবে বাসের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) ও হেলপার শাকিব হোসেন (২২)কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসের ৩৭ থেকে ৪০ জন যাত্রী নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার জন্য এগিয়ে যান।

এ সময় চালক বাসটি নিয়ে নির্ধারিত ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর-এ না উঠে পন্টুনের মাঝখানে অবস্থানরত করবী ফেরিতে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি ফেরির র‍্যাম্পে জোরে ধাক্কা দিলে র‍্যাম্পের সিটকিনি ও শিকল ছিঁড়ে যায় এবং যাত্রীদের মালামালসহ বাসটি নদীতে পড়ে যায়।

ঘটনার সময় হেলপার ও সুপারভাইজার বাস থেকে লাফ দিয়ে নেমে পড়েন। পরে চালক সাঁতরে পন্টুনের কাছে এলে স্থানীয়দের সহায়তায় নৌ পুলিশ তাকে উদ্ধার করে।

এ দুর্ঘটনায় করবী ফেরির র‍্যাম্প, ক্যাবল ও শিকল ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মালামাল ভিজে ও পানিতে ডুবে গিয়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, গ্রেফতার তিন আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি বাসের পরিচালকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।