জাতীয়
সরকারি দলের ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নকাজে বহিরাগত ঠিকাদারদের প্রাধান্য ও কাজ একাধিকবার হাতবদলের কারণে গ্রামীণ অবকাঠামোর মান ক্ষতিগ্রস্ত হচ্ছে- এমন অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্যরা স্থানীয় ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন বিষয়টি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে তিনি বলেন, এলজিইডির মাধ্যমে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হলেও অনেক ক্ষেত্রে এসব কাজ অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এসব ঠিকাদার নিয়মিত কাজ তদারকি করেন না এবং স্থানীয় বাস্তবতা সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে কাজের গুণগত মানে প্রভাব পড়ে।
আশরাফ উদ্দিন আরও বলেন, বড় সমস্যা হচ্ছে কাজ বারবার হাতবদল হওয়া। মূল ঠিকাদার কাজ নিয়ে পরে তা স্থানীয় পর্যায়ে অন্যদের কাছে ছেড়ে দেন। এতে মাঝপথে অর্থের অপচয় হয় এবং শেষ পর্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ শেষ করা হয়।
তিনি মনে করেন, স্থানীয় পেশাদার ঠিকাদারদের সুযোগ দিলে তারা এলাকার প্রয়োজন সম্পর্কে বেশি অবগত থাকবেন এবং জনগণের কাছে জবাবদিহিতার কারণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলজিইডির কাজ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়। পাঁচ কোটি টাকা পর্যন্ত সীমিত দরপত্রে সংশ্লিষ্ট জেলার ঠিকাদাররা অংশ নিতে পারেন। তবে উন্মুক্ত দরপত্রে দেশের যেকোনো প্রান্তের যোগ্য ঠিকাদার অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
পরে সম্পূরক প্রশ্নে আশরাফ উদ্দিন ই-জিপি ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বলেন, প্রভাবশালী কিছু ঠিকাদার কাগজে-কলমে শক্তিশালী প্রোফাইল দেখিয়ে বিভিন্ন অঞ্চলের কাজ পেলেও তারা নিজেরা কাজ না করে একাধিক ধাপে তা বিক্রি করে দেন। এতে শেষ পর্যায়ের ঠিকাদার কম দামে কাজ নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হন।
জবাবে মন্ত্রী সংসদ সদস্যদের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে বলেন, মাঠপর্যায়ের এসব সমস্যার বিষয়ে সরকার অবগত রয়েছে। কাজের হাতবদল ও নিম্নমানের নির্মাণ ঠেকাতে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। স্থানীয় যোগ্য ঠিকাদারদের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে এবং গ্রামীণ অবকাঠামোর মান উন্নত করতে সরকারি ক্রয়বিধি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।