জাতীয়

আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। এক দিনের এ সফরে শনিবার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরের কর্মসূচি অনুযায়ী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় সুধী সমাবেশেও অংশগ্রহণ করবেন তিনি।

সফরকালে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবির দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, সফরের মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশার মধ্যে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। একই সঙ্গে পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার এবং শুঁটকি শিল্প সংরক্ষণেও সরকারের উদ্যোগ কামনা করছেন তারা।

এছাড়া কুতুবদিয়া রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু নির্মাণ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরকারপ্রধানের সফরকে কেন্দ্র করে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীরা।