জাতীয়
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন এবং পরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করা পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর পাশাপাশি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দিনের শেষ ভাগে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।