জাতীয়
দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে বাধা, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব
দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ভারতের কাছে তীব্র অসন্তোষ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় প্রতিনিধিকে তলব করেন।
এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেছেন, পুরো ঘটনার বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।
জানা গেছে, ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর সহযোগিতা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ উঠেছে। পরে ঊর্ধ্বতন পর্যায় থেকে অনুমতি দেওয়া হলেও তিনি আর ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই জাহেদ উর রহমানের সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।