জাতীয়

সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলেই সংসদে হাজির এমপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলেই সংসদে হাজির এমপি
ছবি: সংগৃহীত

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধমক খেয়ে বিকালে সিলেট থেকে সরাসরি সংসদে হাজির হলেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

বুধবার সকালে মৌলভীবাজার সফরে অংশ নিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের অপেক্ষাকক্ষে সংসদ সদস্যদের দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানে কেন? আজ কি আপনাদের সংসদ নেই?’

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিকেলে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন বলে জানা গেছে।

তবে সিলেটের আরও দুই সংসদ সদস্য কয়সর আহমেদ ও এম এ মালেক সংসদে ফেরেননি। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি দলের এক হুইপ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও ওই দুই সংসদ সদস্য অধিবেশনে অংশ নেননি, যা দুঃখজনক।

এদিকে সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে এক অনুষ্ঠানে তিনি পরিবার কার্ড বিতরণ করেন এবং জাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক অনুষ্ঠানে পরিবার কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সেখানে আম ও নিম গাছের চারা রোপণ করেন তিনি।