জাতীয়
সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন খান
জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যম কালবেলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সড়কের বাস্তব অবস্থা তুলে ধরতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন। তার ভাষায়, “আমি তো সঠিক বাংলায় বলেছি। এখন যদি ‘ডার্ট রোড’ বা ‘আনপেইভড রোড’ বলতাম, সবাই কি বুঝতেন? এজন্যই ‘কাঁচা রাস্তা’ বলেছি।”
জেবা আমিন খান আরও জানান, রংপুর-৬ আসনের এক সংসদ সদস্য আগে ‘কাঁচা রাস্তা’ প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন। তাকে উল্লেখ করেই তিনি বিষয়টি সংসদে তুলে ধরেন, যাতে ওই এলাকার উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন হয়।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি সড়কের বেহাল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের জন্য কার্যকর উন্নয়ন হয়নি।
তার দাবি, এসব কারণে এখনো দেশের বিভিন্ন স্থানে কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং জনগণ ভোগান্তিতে রয়েছে। একই সঙ্গে বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।