জাতীয়
এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মুখোমুখি অবস্থান নেন সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা।
আলোচনার শুরুতে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিরোধীদলের সদস্যরা বাজেটে বরাদ্দ চাইবেন আবার রাজপথে বিক্ষোভও করবেন—এ প্রসঙ্গে তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করেন। তিনি সূরা ইবরাহিম থেকে আয়াত তেলাওয়াত করে এর অর্থ তুলে ধরেন—‘তোমরা যদি শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো, আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি কঠিন।’
এর ব্যাখ্যায় তিনি বলেন, বাজেট ও বরাদ্দের জন্য শুকরিয়া আদায় করা উচিত এবং বিরোধীদল তা করছে না বলে মন্তব্য করেন।
এর জবাবে পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, সরকারের প্রশংসা করলে সুবিধা বাড়বে আর না করলে শাস্তি পেতে হবে—এ ধরনের ব্যাখ্যা কোরআনের আয়াতের ভুল উপস্থাপন।
বিতর্কের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তিনি এ বিষয়ে বিতর্কে যেতে চান না। তিনি জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্য একজন মাওলানা হিসেবে প্রসঙ্গক্রমে আয়াতটি উল্লেখ করেছেন। আয়াতের মূল বক্তব্য হলো—শুকরিয়া আদায় করলে নেয়ামত বৃদ্ধি পায় এবং অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন হয়।
তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংসদে ইসলামের প্রতি অবমাননাকর কোনো বক্তব্য এলে তা নিন্দনীয়। তবে এ ধরনের বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।