জাতীয়
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। দুই দেশের মধ্যে পুলিশি সহযোগিতা, নিরাপত্তা কৌশল, সাইবার নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বাড়াতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সৌদি আরবের আগ্রহের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, তথ্য বিনিময় এবং উত্তম চর্চা ভাগাভাগির ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় সৌদি আরবের সহযোগিতা কামনা করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।