জাতীয়
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা ফখরুল
আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল উন্মাদনায় সীমাবদ্ধ না থেকে তরুণদের উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি ও উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফুটবল নিয়ে আবেগ থাকা স্বাভাবিক হলেও কেবল আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থনে মেতে থাকলে বাস্তব জীবনে কোনো উন্নতি আসবে না। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “শুধু খেলা নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না। এমন কিছু করতে হবে, যাতে নিজের এবং অন্যদের আয়ের পথ তৈরি হয়।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি ও সৃজনশীল কাজে মনোযোগী হতে হবে। পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের কৃষির টেকসই উন্নয়নে দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল জানান, উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি সৌরশক্তিচালিত সেচপাম্প সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এই প্রযুক্তি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সৌরশক্তিচালিত সেচব্যবস্থা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, “তিনি দেশের গর্ব এবং তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ।” এ ধরনের উদ্ভাবনকে উৎসাহ দিলে কৃষি আরও আধুনিক ও সমৃদ্ধ হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে কম খরচে কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।