জাতীয়
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। আরেক পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। তাদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।
শনিবার (৪ জুলাই) আয়োজিত ওই সম্মেলনে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। সেই পথ অনুসরণ করেই সরকার এগিয়ে যাবে। পাশাপাশি জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যগুলোতে বারবার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে একটি পক্ষ জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কথিত গণভোটের দাবি তুলেছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ওই দাবি জুলাই সনদের অংশ নয়। এরপরও তারা ভিন্ন কৌশলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে সব ধরনের বিভ্রান্তি প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, তারেক রহমান সামনের সারি থেকে যে নির্দেশনা দেবেন এবং প্রধানমন্ত্রী যে পথ দেখিয়েছেন, সেটিই হবে জুলাইয়ের পথ।