জাতীয়
বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষায়িত বাহিনীকে আরও আধুনিকায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পিজিআর ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মতো বাহিনীকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে।
বক্তব্যের শুরুতে পিজিআরের বর্তমান ও সাবেক সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য’—এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, সাহস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী তাকে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের স্মৃতি মনে করিয়ে দেয়। সে সময় দায়িত্ব পালনরত পিজিআরের কয়েকজন সদস্যও শহীদ হন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পিজিআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের দক্ষতা, আনুগত্য ও শৃঙ্খলা তাদেরকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি জানান, শৃঙ্খলার স্বীকৃতি হিসেবে চলতি বছর পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যা বাহিনীর জন্য গৌরবের।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সাইবার যুদ্ধ, ড্রোন যুদ্ধ, ইলেকট্রনিক ও তথ্যযুদ্ধসহ নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব মোকাবেলায় পিজিআরসহ সব বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
তিনি আরও বলেন, জনসভা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সরকারপ্রধানের সংযোগ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিরাপত্তা কৌশল প্রণয়নে ভারসাম্য রক্ষা করার আহ্বান জানান তিনি।
সরকারপ্রধান বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না।
অনুষ্ঠানের শেষে পিজিআরের সদস্যদের সুস্বাস্থ্য, মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।