জাতীয়

খামেনির জানাজায় প্রতিনিধি পাঠানোয় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

খামেনির জানাজায় প্রতিনিধি পাঠানোয় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ কৃতজ্ঞতা জানান।

ইরানি রাষ্ট্রদূত বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানো ইরানের জনগণের প্রতি বাংলাদেশের আন্তরিকতা ও সংহতির প্রতিফলন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই শোকের সময়ে বাংলাদেশের জনগণ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই। আঞ্চলিক শান্তি এই অঞ্চলসহ বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাতে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।