জাতীয়

বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বেতনের ১০ শতাংশ গরিব মানুষের সহায়তায় সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়মিতভাবে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যা গরিব-অসহায় মানুষের কল্যাণ বা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নিজেও একই উদ্যোগ অনুসরণ করছেন। তিনি প্রতি মাসে তার বেসিক বেতন থেকে ১০ শতাংশ অর্থ আলাদা করে সরকারি অ্যাকাউন্টে জমা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি তিনি নিজের উদ্যোগে করছেন, অন্যদের জন্য বাধ্যতামূলক নয়। তবে যারা সামর্থ্য অনুযায়ী করতে পারবেন, তাদের এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগে মন্ত্রিসভার সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।