জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে সংশ্লিষ্ট দেশকে তাগাদা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

শেখ হাসিনাকে ফেরাতে সংশ্লিষ্ট দেশকে তাগাদা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ ও তাগাদা অব্যাহত রেখেছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে আদালতের রায় বাস্তবায়ন করা হবে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে জরুরি জন-গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুর-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আখতার হোসেন ৬৮ বিধিতে নোটিশটি উত্থাপন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে সংঘটিত গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউটর, তদন্তকারী কর্মকর্তা এবং লজিস্টিক সহায়তা আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য প্রতিহিংসা নয়, ন্যায়বিচার নিশ্চিত করা। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সব মামলার বিচার সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হবে।

আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা আইনের দৃষ্টিতে দণ্ডপ্রাপ্ত আসামি। ফলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি দেশে প্রবেশ করলেই আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে।

আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ইতোমধ্যে তিনটি মামলার রায় হয়েছে, যার মধ্যে আবু সাঈদ হত্যা মামলাও রয়েছে।

তিনি আরও জানান, ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা বাছাই করা হয়েছে। এর মধ্যে ৪৩টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল, ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং চারটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে।