জাতীয়

আগস্টে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম

আগস্টে দুই দফায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য আসছে স্বস্তির খবর। মাসজুড়ে দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ মিলবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।

এছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

শুধু সরকারি কর্মচারীরাই নন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে এই দীর্ঘ অবকাশের সুবিধা নিতে পারবেন।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। তখন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।