জাতীয়
আগামী সপ্তাহে ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা
দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের প্রভাবে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েক দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে আবারও উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার (১৭ জুলাই) এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী সপ্তাহে দেশের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি দ্রুত বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এসব জেলার নিচু এলাকাগুলো আংশিকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু পয়েন্টে সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদী তীরবর্তী এলাকাগুলোর বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।