জাতীয়

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে বাংলাদেশিরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ কয়েকটি ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এসব ভবনের বাসিন্দাদের অস্থায়ীভাবে হাসাবিয়া এলাকার একটি স্কুলে রাখা হয়েছে।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বরাতে মন্ত্রণালয় জানায়, পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্প্রতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বসবাসরত প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কুয়েত সরকার এসব বাসিন্দাকে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে থাকা বাংলাদেশিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে। দূতাবাস সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি ও শীতাতপ নিয়ন্ত্রণসহ মৌলিক সব সুবিধা নিশ্চিত করেছে কুয়েত সরকার।

এদিকে, উচ্ছেদ হওয়া বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের প্রয়োজন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এ জন্য জরুরি যোগাযোগ নম্বরসহ পৃথক প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশিকে দেশটির আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সরকার।