জাতীয়

দুই সপ্তাহের মধ্যে দেশজুড়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রতিমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

দুই সপ্তাহের মধ্যে দেশজুড়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রতিমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস সংকট দ্রুত কাটিয়ে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আংশিক এবং পরবর্তী সপ্তাহে পুরোপুরি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, এলএনজি টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে সরবরাহের প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার সম্ভব হতে পারে। এরপরের সপ্তাহে শতভাগ সরবরাহ পুনরায় চালুর লক্ষ্য রয়েছে। তবে এটি প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে, তাই নির্দিষ্ট দিন-তারিখ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি জানান, সরকারের একটি কারিগরি দল এক্সিলারেট এনার্জির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে। এর মধ্যে আগামী সপ্তাহেই প্রায় ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে উড়োজাহাজে আনা হচ্ছে এবং সেগুলো দ্রুত খালাসে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। এটি একটি জটিল কারিগরি প্রক্রিয়া হওয়ায় নির্দিষ্ট সময় নিশ্চিত করা কঠিন।

গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রান্নাবান্না, শিল্প উৎপাদন এবং সিএনজি সরবরাহ—সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি উল্লেখ করেন, সমস্যাটি সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং টার্মিনাল পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে। তবুও জনগণের নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে এই দুর্ভোগের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, টার্মিনালে আগুন লাগা ও বয়লার বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে পাশেই থাকা এলএনজিবাহী জাহাজ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় আরও বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, দেশে এলএনজি আমদানিতে কোনো সংকট নেই। বর্তমান পরিস্থিতির কারণে শুধু জাহাজ আগমনের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।