জাতীয়

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই পরিদর্শনে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতির বাস্তবায়ন অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। এসব বিষয় পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান পদ্ধতি চালু, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং উন্নয়নের করণীয় তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার সব স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।