জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

জানা গেছে, ১০০টি বক্সে মোট ৬২০টি ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস ছিল এবং প্রতিটি আনারসের গড় ওজন ছিল ১ কেজিরও বেশি।

আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে উপহার গ্রহণ করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনস্যুলার অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

পরে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ আনারসের চালান ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।