জাতীয়
রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে একাধিক কর্মসূচি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) একদিনের এই সফরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৌঁছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুরে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় যাবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।
পরে ফটিকছড়ি উপজেলায় গিয়ে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে হাটহাজারীতে গিয়ে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন।
হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীর হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেবেন তিনি।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি পাঁচ তারকা হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এতে মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। সভায় তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম অঞ্চলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইতোমধ্যে তাকে স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।