জাতীয়
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী সরকারের শাসনে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন সময় এসেছে এসব খাত পুনর্গঠনের।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি গ্রামকে নির্বাচিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য, আর এ পথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারেক রহমান জানান, এসডিজি অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়; এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, কাউকে পেছনে না রেখে উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার নীতিতেই সরকার কাজ করছে এবং ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন মডেল তৈরি করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।