জাতীয়

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, সরবরাহ বাড়ছে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, সরবরাহ বাড়ছে
ছবি: সংগৃহীত

সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এ সরবরাহ শুরু করা হয়। পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বাড়িয়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সামিটের মুখপাত্র জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শনিবার রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে দৈনিক ৫৫ কোটি ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সামিট শুক্রবার সন্ধ্যা থেকে তাদের ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট থেকে গ্যাস সরবরাহ শুরু করেছে।

তিনি বলেন, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, একই সময়ে এক্সিলারেট এনার্জির ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।