জাতীয়

হামে আক্রান্ত ৮২ শতাংশ শিশুই প্রথম ৬ মাস বুকের দুধ পায়নি: গবেষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

হামে আক্রান্ত ৮২ শতাংশ শিশুই প্রথম ৬ মাস বুকের দুধ পায়নি: গবেষণা
ছবিঃ সংগৃহীত

হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ৬ মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। এছাড়া হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশু টিকাও পায়নি। 

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য তুলে ধরেন। 

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাড়ে ৩০০- এর বেশি শিশুর তথ্য নিয়ে গবেষণায় এসব তথ্য উঠে আসে।

গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশুই টিকা পায়নি। আর ৬৫ শতাংশই ভুগছিল অপুষ্টিতে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার। হামে মারা যাওয়া ও আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। 

গবেষণায় আরও উঠে এসেছে, হামের নতুন কোনো ধরন নয়, পুরোনো বি-৩ ধরনেই আক্রান্ত হয়েছে শিশুরা। গবেষকেরা জানিয়েছেন, শনাক্ত হওয়া সব হাম ভাইরাসই বি-৩ সাবক্লেডের অন্তর্ভুক্ত। বিশ্বের অন্যান্য দেশে শনাক্ত হওয়া বি-৩ ভাইরাসের সঙ্গেও এসব ভাইরাসের মিল রয়েছে।