জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এ দৃশ্য দেখা যায়।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কর্নেল অলি পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়।

ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।