জাতীয়
শপথের আগে জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
বঙ্গভবনে শপথ নিতে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুমার নামাজ বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে আদায় করেন তিনি। নামাজ শেষে দুপুর ১টা ৪৬ মিনিটে সরাসরি শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে যান মির্জা ফখরুল। সেখানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিব হিসেবে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি বহুবার এই দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তাবেষ্টনীর বাইরে থাকা দলের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।