জাতীয়
মন্ত্রিসভায় বড় রদবদল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির
মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনার প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে বহাল থাকবেন বলে জানা গেছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রী করার আলোচনা রয়েছে। অন্যদিকে মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
এ ছাড়া বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে। আরও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।