জাতীয়

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের তুলনায় বেড়ে যাওয়ায় দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার। একই দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দুজন প্রতিমন্ত্রী নিয়োগের কারণ ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এরই মধ্যে নতুন কয়েকটি উইং চালু করা হয়েছে।

তিনি বলেন, অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না।

শামা ওবায়েদ আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনি কাজের গতিও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সুবিধা এবং কাজের গতি আরও বাড়াতেই দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।