জাতীয়

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যেতে চায় বাংলাদেশ: হুমায়ুন ক‌বির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যেতে চায় বাংলাদেশ: হুমায়ুন ক‌বির
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নানা আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে সরকার ইতিবাচকভাবে দেখছে।

তিনি আরও বলেন, মক্কার প্রতি বাংলাদেশের মানুষের একটি বিশেষ আবেগ ও ধর্মীয় সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্য বা মুসলিম দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গড়ে ওঠে, সেখানে বাংলাদেশের সম্পৃক্ত হওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখার কোনো কারণ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাবে।

ব্রিফিংয়ে নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলমান সমালোচনারও জবাব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, তিনি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক এবং এ বিষয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা দেশের স্বার্থবিরোধী বলেই তিনি মনে করেন।