জাতীয়

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে
ছবি: সংগৃহীত

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মু. মাহবুবুর রশীদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেন তৎকালীন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। ওই সময় তিনি হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটকের তথ্য জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার আবদুল মাবুদ।