জাতীয়
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের সন্ধান দিতে তথ্যদাতাদের ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।