জাতীয়
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। তবে পুলিশের আত্মবিশ্বাস এখনো পুরোপুরি ফিরে আসেনি। সরকারের লক্ষ্য হলো কোনো ধরনের অপরাধ না ঘটতে দেওয়া। এরপরও কোনো অপরাধ সংঘটিত হলে এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কার্যকর রাষ্ট্রীয় কাঠামো ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমান সরকারের সময়ে হত্যা ও মামলা কিছুটা বাড়লেও ছিনতাই কমেছে। গত সাত মাসে ১৫ হাজার ৭১৫ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে বলেও জানান তিনি।
মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন বেতন কাঠামো ঘোষণা করায় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বৈষম্য কমানোর লক্ষ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, লোডশেডিং ভাগ করে নেওয়ার নীতিগত সিদ্ধান্তের কারণে শহরাঞ্চলে লোডশেডিং হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দেশে সার সংকট নেই বলেও দাবি করেন তিনি। বিতরণের ক্ষেত্রে দু-একটি স্থানে সমস্যা হয়েছে, যা দ্রুত সমাধান হয়ে যাবে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, আগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে দাবি করা হতো, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।