সারাদেশ
মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুপক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এ জন্য সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে অন্যপক্ষের কয়েকজন অনুসারী সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
পরে উত্তেজনা বাড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ কয়েকজন আহত হন। মিল্টন দত্ত চোখে আঘাত পেয়েছেন।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত চোখে আঘাত পেয়েছেন।