জাতীয়

গঠনমূলক সমালোচনা আর গালিগালাজ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

গঠনমূলক সমালোচনা আর গালিগালাজ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

গঠনমূলক সমালোচনা ও রাজনৈতিক উদ্দেশ্যে কারও চরিত্রহনন কিংবা গালিগালাজ এক বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে কারও চরিত্রহনন বা গালিগালাজকে গঠনমূলক সমালোচনা বলা যায় না।

বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবার হয়রানি এবং সংঘবদ্ধ অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারি ও বিরোধী দলগুলোর জন্য সর্বসম্মত নীতি এবং আইনগত সুরক্ষা প্রয়োজন বলেও মত দেওয়া হয়।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন পরিমার্জনের ক্ষেত্রে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যমকর্মী, জ্যেষ্ঠ সম্পাদক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে।

তিনি জানান, আইনের মূল লক্ষ্য হবে অনলাইন পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার হয়রানি থেকে সুরক্ষা দেওয়া এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে আইনটি যাতে কোনোভাবেই অপব্যবহার না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে সরকার দেশি ও বিদেশি অংশীজনদের ইতিবাচক পরামর্শ সাদরে গ্রহণ করবে।