জাতীয়

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার বাঁধনের বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বিষয়টি জানিয়েছেন বাঁধন। তিনি বলেন, কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার আস্থাও আরও দৃঢ় হয়েছে।

বাঁধন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাগরিকের আস্থার জায়গা আরও শক্তিশালী হয়।

ইতালিতে অবস্থানের সময় তার পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগসহ দেশে বিদেশের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

বাঁধন আরও বলেন, অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস ও পারস্পরিক দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকলেও একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। উৎসবের ৮৩তম আসরে বাংলাদেশি সিনেমাটি স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করে।

তবে উৎসব চলাকালে একটি পার্কে ঘুরতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। সোমবার দেশে ফেরার পরদিনই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার ও পরিবারের সদস্যদের খোঁজ নেওয়া হলো।