জাতীয়
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের দিয়ে অস্থিতিশীলতা ঠেকাতে ভারতের প্রতি আহ্বান
ভারতে অবস্থানরত ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাহদী আমিন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছায়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয়ও উঠে আসে। এসব সমস্যা ও মতপার্থক্য পারস্পরিক সংলাপ, সহযোগিতা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন খাতের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে উভয় পক্ষ মত প্রকাশ করে।
সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।